
ঈদকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না—এমন আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জ্বালানি সংকটের আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া বা পরিবহন ভাড়ায় অযৌক্তিক বৃদ্ধি ঘটার কোনো সুযোগ নেই।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক এবং নিরাপদ পর্যায়ে রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বাসসহ গণপরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “জ্বালানি তেল এখনও পর্যন্ত আমাদের যে মজুদ আছে, সেটা সন্তোষজনক ও নিরাপদ। বাসগুলোর পর্যাপ্ত জ্বালানি ঈদযাত্রার জন্য যা প্রয়োজন, সেটা সরবরাহ করা হবে।”
শেখ রবিউল আলম আরও জানান, রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোরেলকে নাগরিকবান্ধব সেবা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য আধুনিক পরিবহন ব্যবস্থাকে যুক্ত করে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় মৌলিক রূপান্তর আনার সিদ্ধান্ত ইতোমধ্যে নীতিগতভাবে নেওয়া হয়েছে।
তিনি জানান, এসব পরিকল্পনা ধাপে ধাপে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।