
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। ইতোমধ্যে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যেই ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই জ্বালানি তেল মঙ্গলবারের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই সরকার জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলার উদ্যোগ হিসেবে রোববার ভারতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভারমা বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেন। প্রস্তাবে বাংলাদেশ-ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৪ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা উল্লেখ করা হয়।