
দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে সোনার দাম। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (৯ মার্চ) থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ মার্চ সোনার দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও বড় অংকের দাম কমানোয় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমিয়ে আনা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। চলতি বছরে এটি রুপার দামের ২৩তম সমন্বয়।