
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে দীর্ঘদিনের সন্ত্রাসী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল থেকে মুক্ত করতে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের সমন্বিত অভিযান। বিশাল এই অভিযানে তিন হাজারেরও বেশি সদস্য মাঠে নেমেছেন, যার লক্ষ্য পুরো এলাকাকে অপরাধমুক্ত করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
সোমবার (৯ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুরে চলমান অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে পুলিশ।
সংবাদ সম্মেলনে এক পুলিশ কর্মকর্তা বলেন, “অনেক বড় অভিযান, যৌথ বাহিনীর ৩ হাজারের বেশি সদস্য জঙ্গল সলিমপুরের অভিযান চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর অফিসার এখানে কাজ করছেন। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অভিযান চলবে।”
তিনি আরও বলেন, “জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প হবে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে। সন্ত্রাসী আস্তানা হিসেবে যেন না থাকে সেই ব্যবস্থা নেয়া হবে।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এলাকায় অপরাধী চক্রের তৎপরতা দমন এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একযোগে অভিযান পরিচালনা করছে। পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে বর্তমানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনে অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল থেকেই এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি দেখা যাচ্ছে। দীর্ঘদিনের সন্ত্রাস ও অপরাধ দমনে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা অপরাধের নেটওয়ার্ক ভেঙে দিয়ে এলাকাটিকে নিরাপদ করতে এই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি তৎপরতা অব্যাহত রয়েছে।