
রাজশাহীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা উপজেলায় চন্ডীপুর এলাকার তিন খুঁটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - বুধপাড়া বাঘা উপজেলার শ্রী বিধান মিস্ত্রী (৪৫), লালপুর থানার সিএনজি চালক শরিফ হোসেন এবং রোকেনা বেগম (৯০)। আর আহতরা হলেন - শাহজাহান আলী (৩৫), মোসা. সীমা বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশাটি লালপুর থেকে বাঘার দিকে যাওয়ার পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে স্টিয়ারিং চালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, মরদেহ তিনটি পুলিশ হেফাজতে বাঘা থানায় রাখা হয়েছে। সিএনজির অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরবর্তী আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।