
রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী যাত্রীবাহী লঞ্চের কেবিনে ধর্ষণের শিকার হয়েছেন। ঢাকা অভিমুখী ফারহান-০৪ লঞ্চের অভ্যন্তরে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় দুই অভিযুক্তকে ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এজাহার অনুযায়ী, ঘটনার সময় ১৭ বছর বয়সী ওই কিশোরী নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে লঞ্চযোগে ঢাকা ফিরছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৮ মার্চ রোববার দুপুরে ভুক্তভোগীর বাবা তাকে ফারহান-০৪ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে উঠিয়ে দেন। একই ঘাট থেকে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামের দুই যুবকও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর তারা ছাত্রীর কেবিনে গিয়ে তার বাবার পূর্বপরিচিত বলে পরিচয় দেয়। তারা জানায় যে তাদের কাছে মোটরসাইকেল কেনার বড় অংকের টাকা আছে যা তারা নিরাপত্তার খাতিরে ছাত্রীর কেবিনে রাখতে চায়। সরল বিশ্বাসে ওই শিক্ষার্থী তাদের টাকাগুলো নিজের কাছে রাখতে রাজি হন।
এক পর্যায়ে কৌশলে কেবিনের ভেতরে ঢুকে পড়ে অভিযুক্তরা। মামলার এজাহারে ভুক্তভোগীর ভাই উল্লেখ করেন, "পরে তারা কৌশলে আমার বোনের কেবিনের মধ্যে প্রবেশ করে আমার বোনের বেডে বসে পড়ে। আমার বোনের সঙ্গে কথাবার্তা বলার একপর্যায়ে মোহাম্মদ সাকিব উদ্দিন আমার বোনকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিলে আমার বোন রাজি না হওয়ায় অভিযুক্তরা আমার বোনের গলা ও মুখ চেপে ধরে। তখন মিঠু আমার বোনের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। এ সময় মোহাম্মদ সাকিব উদ্দিন কেবিনের দরজা বন্ধ করে আমার বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।"
নির্যাতনের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে সাকিব কেবিন থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু পুনরায় ওই কেবিনে প্রবেশ করে। এজাহারে আরও বলা হয়, "পরে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু আবারও কেবিনে প্রবেশ করলে আমার বোন চিৎকার করার চেষ্টা করলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আবার ধর্ষণ করে তারা।" বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ জানান, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের নামে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার তাদের কোর্টে হাজির করা হবে।"