
কক্সবাজারের মহেশখালীতে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. করিম (২৭) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. করিম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে করিম তার বসতঘরে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি দল দক্ষিণ রাজঘাটের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে করিমের দেওয়া তথ্যানুযায়ী তার ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।