
সরকার ‘জুলাই সনদ’কে সম্মান জানিয়ে তার নির্দেশনা অনুসরণ করেই ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আবেগ নয়—আইন ও বাস্তবতার সমন্বয় করেই সরকার সামনে এগোতে চায়।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর এলাকায় তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা যারা জুলাই সনদ পড়েন তারা দেখবেন যে ওখানে বলা আছে, সংবিধান, সংশোধন সাপেক্ষে এই সনদের সত্যবলী কার্যকর হবে। আমরা সংবিধান সংশোধনী সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া সেই পথেই আমরা যাব।’
তিনি আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই খাল পুনঃখননসহ এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জলাধার সংরক্ষণ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও বিল খনন করা হবে। একই সঙ্গে এসব জলাধারের ওপর অবৈধ দখল উচ্ছেদেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী পাঁচ বছর আমরা বিশ হাজার কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু তাই নয় উচ্ছেদও করব। যারা খাল, বিল, জমি অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।’
কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।