
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করেই তিনি দেশে ফিরছেন।
দলীয় সূত্র জানায়, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। দুই দেশে কয়েক মাস ধরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে মির্জা আব্বাস সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। দেশে ফেরার পরও মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা ও বিশ্রাম চলবে বলে জানা গেছে।