
আগামী সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেছেন, নানা ধরনের সংকট মোকাবিলা করেই সরকার দেশকে এগিয়ে নিচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “সব ধরনের সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।”
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে তিনি বলেন, “দেশে চলমান বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট। তবে সরকার হাত গুটিয়ে বসে নেই।”
সরকার ও দল হিসেবে বিএনপি একে অপরের সহযোগী উল্লেখ করে রিজভী বলেন, “চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে দেশের চলমান সব ধরনের সংকটের সমাধান হবে এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।