
টালিউডে তারকাদের মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। কখনো সেই দূরত্ব দীর্ঘস্থায়ী হয়, আবার সময়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কাটিয়ে একই ফ্রেমেও ফেরেন তারকারা। দেব-শুভশ্রীর পর এবার তেমনই এক প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীকে ঘিরে।
দীর্ঘ ১১ বছরের বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন পেছনে ফেলে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন কাজে ফিরতে যাচ্ছেন মিমি চক্রবর্তী। পর্দার বাইরের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও পরিচালক রাজ ও অভিনেত্রী মিমির জুটি টালিউডে একসময় একাধিক সফল কাজ উপহার দিয়েছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ সিনেমায় সর্বশেষ রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছিলেন মিমি। এর আগে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়।
গণমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ বিরতির পর এবার সেই দূরত্ব কিছুটা কমতে শুরু করেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে নতুন একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। জানা গেছে, চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষদিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। রাজের প্রযোজনায় মিমির এই প্রত্যাবর্তন শুধু টালিউডেই নয়, দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি করেছে নতুন আগ্রহ। দীর্ঘ বিরতির পর তাদের পেশাগত সম্পর্কের নতুন অধ্যায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেখার অপেক্ষা।