
কক্সবাজারের চকরিয়া উপজেলাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একটি মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন ঢাকার উত্তরখান এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরিফুল আমিন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।