
গাজীপুরের কালিয়াকৈরে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ঘোড়াগুলো নিয়ে শেষ পর্যন্ত নিলামের পথেই হাঁটল প্রশাসন—তবে তার আগেই একটি ঘোড়ার মৃত্যু ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইনের উপস্থিতিতে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দরদাতার কাছে বাকি থাকা ৮টি ঘোড়া ৩০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধোপাচালা সরকারি বনের ভেতরে ৯টি ঘোড়া দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
ঘোড়াগুলোর মালিকানা নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালানো হলেও কেউ দাবি না করায় ২৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলামের বিজ্ঞপ্তি জারি করেন।
পরবর্তীতে সোমবার সকালে আয়োজিত নিলামে সর্বোচ্চ দরদাতা মো. ইসমাইল হোসেনের কাছে ঘোড়াগুলো হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “জব্দ করা ৯টি ঘোড়ার মধ্যে একটি বাচ্চা প্রসবের সময় মারা যায়। পরে অবশিষ্ট ৮টি ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।”