
উত্তর ভিয়েতনামে টানা ভারী বৃষ্টির পর সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির লাই চাউ প্রদেশে এ দুর্যোগে অন্তত চারজন নিহত, সাতজন আহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লাই চাউ প্রদেশের পাহাড়ি মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার তীব্র স্রোতে অন্তত ১৩টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি প্রায় ১০০টি বাড়ি এখনও ভূমিধসের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্গম এলাকায় আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। বন্যার তোড়ে বহু বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে কৃষিজমি, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া বহু গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
তথ্যসূত্র: ভিয়েতনাম নিউজ এজেন্সি।
রেডফ্ল্যাগ শব্দ: নেই