
ইসলামাবাদে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। নতুন ঘোষণায় পেট্রোলের পাশাপাশি হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন মূল্য শনিবার (১৮ জুলাই) থেকে কার্যকর হয়েছে, যা ২০ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ দশমিক ৪৪ রুপি বাড়িয়ে ৩১০ দশমিক ৭১ রুপি থেকে ৩১৬ দশমিক ১৫ রুপি নির্ধারণ করা হয়েছে। একই সময়ে হাই-স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ৩১ দশমিক ০৫ রুপি বাড়িয়ে ৩২৩ দশমিক ৩০ রুপি থেকে ৩৫৪ দশমিক ৩৫ রুপিতে উন্নীত করা হয়েছে।
সরকার জানিয়েছে, সংশোধিত এই মূল্যহার ১৮ জুলাই থেকে কার্যকর হয়ে ২০ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
বিশ্লেষকদের মতে, ডিজেলের বড় ধরনের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতসহ সামগ্রিক বাজারে পড়তে পারে। এতে পণ্য পরিবহনের ব্যয় বেড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পাকিস্তানি নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন।