
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে অবস্থানরত এবং ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক ভ্রমণ পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। তাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত নির্ভরযোগ্য সংবাদ অনুসরণ করতে বলেছে। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছেন বা এ অঞ্চলের কোনো দেশ হয়ে অন্য গন্তব্যে যাচ্ছেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সফরের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা ও ভ্রমণ সতর্কতাও যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক হলেও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।