
ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক উপকূলীয় এলাকার একটি লবণাক্ত পানি শোধনাগারে মার্কিন বিমান হামলার পর অন্তত ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার মানুষ তীব্র পানি সংকটে পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, জাস্ক জেলার বুঞ্জি গ্রামের পানি শোধনাগার লক্ষ্য করে চালানো হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে পুরো শোধনাগারটি অচল হয়ে পড়েছে।
হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুলহামিদ হামজেহপুর এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অপরাধের ধারাবাহিকতা এবং সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, হামলার ফলে পানি শোধনাগারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ায় উপকূলীয় এলাকার হাজারো মানুষ নিরাপদ পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
স্থানীয় প্রশাসনের ভাষ্য, ক্ষতিগ্রস্ত শোধনাগারটি ওই অঞ্চলের মানুষের সুপেয় পানির প্রধান উৎস ছিল। এটি অকার্যকর হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট গ্রামগুলোতে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিকল্প ব্যবস্থায় দ্রুত পানীয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি।
এদিকে, এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।