
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ক্ষতিগ্রস্ত আবাসন, অবকাঠামো এবং জরুরি জনসেবা পুনরুদ্ধারে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (১৭ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
তিনি বলেন, আইএমএফের এই অর্থায়ন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং জরুরি জনসেবা সচল করতে ব্যবহার করা হবে।
গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণহানি ৫ হাজার ছাড়িয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
এদিকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, মানবিক সংকট মোকাবিলায় ভেনেজুয়েলাকে সংস্থাটির নিজস্ব রিজার্ভ তহবিল থেকে অর্থ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।