
ভোলার লালমোহনে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির নেতা কামরুল মৃধাসহ চার জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার বদরপুর ইউনিয়স্থ নাজিরপুর বাজারে গত মঙ্গলবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
কামরুল মৃধা অভিযোগ করে জানান, গত মঙ্গলবার রাত ৮টার ব্যবসায়িক কাজ শেষ করে নাজিরপুর বাজারের মুরাদের দোকানের সামনে তার মটর সাইকেল দাঁড় করালে একই বাড়ির এরশাদ মৃধা, শওকত মৃধা, রহমান মৃধা, জুয়েল মৃধসহ আরও কয়েকজনের একটি দল এসে তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এনিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। পরে তার ডাকচিৎকারে কয়েস মৃধা, রাকিব মৃধা, আবুল বশার এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয় লোকজন এসে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আবুল বশারের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
কামরুল মৃধা আরও অভিযোগ করে বলেন, অভিযুক্তরা কিছুদিন আগে তার ট্রলী রাস্তার মাঝে আটকিয়ে চাবি নিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছিল।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।