
ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে প্রথমবারের মতো কলমের মতো দেখতে বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, এটি পুরান ঢাকার নয়াবাজার এলাকায় গত ৩ এপ্রিল যুবদল নেতা রাসেলের ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহার করা হয়েছিল।
হামলার সময় পার্ক এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
পুলিশ তদন্তে নেমে সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে কেরানীগঞ্জ থেকে ‘পেনগান’ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের তথ্য অনুযায়ী, অস্ত্রটি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।
ডিবি কর্মকর্তা জানান, ছোট আকারের কারণে এটি সহজেই পকেট বা ব্যাগে লুকিয়ে বহন করা যায় এবং তল্লাশির সময় চোখ এড়িয়ে যেতে পারে। অস্ত্রটি স্বল্প দূরত্বে গুলি ছোড়ার উপযোগী বিশেষ ধরনের ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্রটিতে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম বা চিহ্ন পাওয়া যায়নি, ফলে উৎস নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে দেশে প্রবেশ করেছে।
ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরে আলম জানান, অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং কারা এর সরবরাহের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সরবরাহকারী শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি না তাও তদন্ত করা হচ্ছে।