
বরিশাল-ভোলা সড়কে কালাবাঁদর ও তেঁতুলিয়া নদীর ওপর ১১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সভাটি অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রকল্পটি পিপিপি (Public-Private Partnership) ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭,৪৬৬ কোটি ৩২ লাখ টাকা। নির্মাণের পর এটি দেশের সবচেয়ে বড় সেতু হিসেবে গণ্য হবে।
সভা সূত্রে জানা গেছে, ভোলা জেলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় ১০.৮৬৭ কিমি দীর্ঘ ৪-লেন সেতু নির্মাণ এবং ১৮.০৭৫ কিমি দীর্ঘ নদীর তীর রক্ষামূলক কাজ করা হবে।
সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী, অর্থনৈতিক দিক থেকে প্রকল্পটি গ্রহণযোগ্য। সেতু চালু হলে ২০৩৩ সালে দৈনিক প্রায় ৪,৯৯৬টি যানবাহন চলাচল করবে। ২০৬২ সালে এ সংখ্যা বেড়ে ৪১,৮৬৫টি হবে।
প্রকল্প বাস্তবায়নের জন্য ৫০৭.৫ একর জমি অধিগ্রহণ করতে হবে এবং ইউটিলিটি স্থানান্তর বাবদ সকল ব্যয় সরকারের খাত থেকে নির্বাহ করা হবে। সেতুর নির্মাণ ও যাতায়াত সুবিধা ভোলা-বরিশাল অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রকে নতুন মাত্রা প্রদান করবে।