
বগুড়ার পাঁচ তারকা মানের হোটেল মম ইন-এ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন খালি গলায় গান পরিবেশন করেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের অনুরোধে মন্ত্রী ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ’ গানের অংশ গেয়ে উপস্থিত অতিথিদের মন জয় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সংগীত হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের এক অদম্য মাধ্যম, যা দিয়ে মানুষের সুকুমার বৃত্তি প্রকৃতির কাছ থেকে প্রকাশ পায়। এটি এমন একটি ভাষা যা অন্য কোনো উপায়ে বিনিময় করা যায় না।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতি থেকে প্রদত্ত এই প্রতিভা যাদের মাধ্যমে প্রবাহিত হয়, তাঁরা আমাদের জাতীয় সম্পদ। চ্যানেল আই সেই গুরুত্ব বুঝে শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে শিল্পীরা অনুপ্রাণিত হয়, সাধারণ মানুষও আনন্দ পায়।’
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুকিত মজুমদার, টিএমএসএসএর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা সহ মোট ১৯টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। সংগীতে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং বিশেষ সম্মাননায় ভূষিত হন লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া।