
স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপে এক বছর আগে নিখোঁজ হওয়া ৩২ বছর বয়সী রিয়ালিটি টিভি তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যানাবেলা লোভাসের মৃতদেহ পাওয়া গেছে। তার দেহটি এক দূরবর্তী প্রাকৃতিক পুলে পাওয়া যায়, যা পুলিশকে শুরু থেকেই জটিল পরিস্থিতিতে ফেলেছিল।
লোভাসকে সর্বশেষ ২০২৫ সালের মার্চে দেখা যায়। নিখোঁজ হওয়ার পর তার পরিবারের রিপোর্টের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করেছিল। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ দেহে আঙুলের ছাপ ছিল না। কাঁধ ও পিঠের ট্যাটু দেখে পুলিশ পরিচয় নিশ্চিত করে।
ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আশেপাশের দুর্গম অঞ্চল তল্লাশি করা হলেও তার কোনো ব্যক্তিগত জিনিস বা ক্লু পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পরও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি। তবে পুলিশ জানায়, এটি কোনো সহিংস ঘটনা নয় এবং মামলার সঙ্গে সম্পর্কিত নয়।
পুলিশের প্রধান পাবলো ফের্নান্দেজ সালা জানান, মৃতদেহের অবস্থান খুব দুর্গম ছিল। ‘প্রাকৃতিক পুলে পৌঁছানো সাধারণ হাইকারের পক্ষে সম্ভব নয়, আমাদের কাছে কেবল কাঁধ ও পিঠের কিছু অদ্ভুত ট্যাটুই ছিল,’ তিনি বলেন। পরিচয় নিশ্চিত করার জন্য দাঁতের রেকর্ড ইন্টারপোলের মাধ্যমে যাচাই করা হয়।
পুলিশ ধারণা করছে, লোভাস হয়তো দ্বীপের অন্য কোনো স্থানে মারা যান এবং বৃষ্টিপাত ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে তার দেহ ওই দূরবর্তী পুলে চলে আসে।
অ্যানাবেলা লোভাস ‘দ্য ব্যাচেলর’ রিয়ালিটি শোতে সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মানসিক ও আর্থিক সমস্যা তাকে গ্রান ক্যানারিয়ায় নিয়ে আসে। নিখোঁজ হওয়ার সময় তিনি ঝুঁকিগ্রস্থ ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছিলেন।