
পয়লা বৈশাখে আসছে শঙ্খ দাশগুপ্তের নতুন ওয়েব ফিল্ম ‘চা গরম’, যা চা-বাগানের শ্রমিকদের জীবন এবং সংগ্রামের গল্প নিয়ে তৈরি। পরিচালক শঙ্খ দাশগুপ্ত এবার চা-বাগানের কেবল সৌন্দর্য নয়, বরং সেখানে বসবাসরত মানুষের দৈনন্দিন বাস্তবতা ক্যামেরায় তুলে এনেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের নাটক ও সিনেমায় চা-বাগানকে সবসময় শুধুই পটভূমি হিসেবে দেখানো হয়েছে। এবার আমি চেয়েছি ভেতরের জীবনটা ফুটিয়ে তুলতে। শ্রমিকদের সংগ্রাম, অধিকার এবং জীবনের নানা বাস্তবতা দর্শকের সামনে আসুক।’
ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি ও এ কে আজাদ সেতু। ফিল্মের জন্য পরিচালক দীর্ঘ সময় চা-বাগানে অবস্থান করেছেন এবং সেই সময় এমন তথ্য জানতে পেরেছেন যা সাধারণ মানুষের কাছে কম পরিচিত। এই তথ্যগুলোই এবার ‘চা গরম’-এ জীবনের গল্পে পরিণত হয়েছে।
অভিনেত্রী সাফা কবির বলেন, ‘এই কাজে অংশগ্রহণের মূল কারণ পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তার গল্প সবসময় ভিন্ন দৃষ্টিকোণ থেকে তৈরি হয়। এটি সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যা অনেক সময় উপেক্ষিত থাকে। তাই আমি কাজটির সঙ্গে যুক্ত হতে উৎসাহিত হয়েছিলাম।’
অভিনেতা পার্থ শেখ বলেন, ‘শঙ্খদা আমাকে বলেছিলেন, আমার জন্য একটি চরিত্র আছে। আগে তার সঙ্গে ফিকশনে কাজ করার সুযোগ হয়নি। চরিত্রটি শুনে মনে হলো, এমন কাজ খুব কম হয়েছে। এটি আমার জন্য বিশেষ সুযোগ।’
সারাহ জাবিন অদিতি বলেন, ‘গল্পটি শুনে ভালো লেগেছে। এটি চা-বাগানের কঠিন জীবনযাপনের কিছু বাস্তবতা খুব সাবলীলভাবে তুলে ধরেছে।’
ফিল্মটি পয়লা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে, যেখানে দর্শকরা সরাসরি চা-বাগানের শ্রমিকদের জীবনের গল্পের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
এই ওয়েব ফিল্ম চা-বাগানের প্রতিদিনের চ্যালেঞ্জ ও শ্রমিকদের সংগ্রামের গল্পকে সামনে এনে বাংলাদেশি বিনোদন জগতে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে।