
স্কুলের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিবহন খাতের সাতটি সংগঠনের সঙ্গে প্রাক্–বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।
নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আবদুর রহমান খান বলেন, ‘এবার গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আমরা চাই, রাস্তায় নতুন গাড়ি আসুক।’
সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তেল পরিবহনের ট্যাংকলরি আমদানিতে শুল্ক প্রত্যাহারের আবেদন জানানো হয়। জনস্বার্থে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন আবদুর রহমান খান।
বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোটরসাইকেলে সিএনজি ব্যবহারের অনুমতি চাওয়া হয়। অনুমতি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে গ্যাস নেই, এলএনজি আমদানি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণের পরামর্শ দেন তিনি।
সভায় এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, জেট ফুয়েলের দাম বাড়ায় ১৮ টাকার বদলে এখন ৪২ টাকা কর দিতে হয়। এক্ষেত্রে আগের হার বজায় রাখার দাবি জানানো হয়। এই দাবি প্রসঙ্গে আবদুর রহমান বলেন, রাজস্ব আদায় চার লাখ কোটি থেকে এবার ছয় লাখ কোটি টাকা আদায় করতে হবে। তাই খুব বেশি কমানোর সুযোগ নেই।