
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী আরও চারটি জাহাজ। বর্তমানে জাহাজগুলো থেকে পণ্য খালাসের কাজ চলছে।
সোমবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে।
এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামের এলপিজিবাহী জাহাজটি ভারত থেকে ৩১ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে।
মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়ে ‘ডিওজে-৬’ জেটিতে অবস্থান করছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছে বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে। ৮ এপ্রিলের মধ্যে এর কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে এসে ‘চার্লি’ এলাকায় অবস্থান করছে। এটির খালাস কার্যক্রমও ৮ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের খালাস কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এসব জ্বালানি পণ্য দ্রুত সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সংকটে কিছুটা স্বস্তি ফিরবে।