
ঈদের ছবির ভিড়ে তার আলাদা জায়গা করে নিয়েছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার মাত্র তিন দিনে চলচ্চিত্রটি বাংলাদেশের সিনেমা ইতিহাসে উত্তর আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং রেকর্ড গড়েছে।
প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় হয়েছে ১ লাখ ৫৪ হাজার ডলার, যা পূর্বে ‘হাওয়া’র রেকর্ড ১ লাখ ৫৯ হাজার ডলারের খুব কাছাকাছি। এমন অল্প সময়ে অর্জিত এই সাফল্য আন্তর্জাতিক বক্স অফিসে বাংলাদেশের সিনেমার জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই ছবিটি আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর সহযোগিতায় কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে সিনেমাটি চলমান।
তানিম নূর বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। সিনেমার সকল শিল্পী ও টিমকে ধন্যবাদ। বিশেষ করে হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি, তিনিই আসল ম্যাজিশিয়ান। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-কে ধন্যবাদ সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সোশাল মিডিয়ায় এই সাফল্য ঘোষণা করে বলেন, ‘গত তিন দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘বনলতা এক্সপ্রেস’ যা করেছে, তাকে কোনো তুলনায় মাপা যাবে না। এটি সত্যিই অবিশ্বাস্য।
প্রথম তিন দিনে ১ লাখ ৫৪ হাজার ডলার আয় করার পর ছবিটি ইতোমধ্যেই উত্তর আমেরিকার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ‘তুফান’, ‘প্রিয়তমা’ এবং ‘দেবী’র আয় যথাক্রমে ১ লাখ ৫০,০০০, ১ লাখ ৩২,০০০ ও ১ লাখ ২৫,০০০ ডলার ছিল।’
চলচ্চিত্রে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই প্রোডাকশন, প্রদর্শনে ইউসিবি এবং আন্তর্জাতিকভাবে পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো।
প্রেক্ষাগৃহের সাফল্যের পর বিদেশেও দর্শকের হৃদয় দখল করেছে ‘বনলতা এক্সপ্রেস’। ইউ এস টপচার্টে সিনেমাটি ১৭ নম্বরে উঠে এসেছে। মূল শহরগুলোতে টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, নিউ ইয়র্ক, ডালাস, হিউস্টন, লন্ডন, বার্মিংহামসহ ৫২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলমান।
মাত্র তিন দিনের হিসাবেই ‘বনলতা এক্সপ্রেস’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার দাপট দেখিয়েছে, যা আগামী দিনে আরও বড় আয় এবং জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ে দিতে পারে। দর্শক এবং শিল্পী উভয়কেই আনন্দে ভাসিয়ে দেওয়া এই চলচ্চিত্রটি সত্যিই প্রমাণ করে, বাংলা সিনেমা শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মঞ্চেও তার স্থান তৈরি করতে সক্ষম।