
জলসিঁড়ি আবাসন প্রকল্পে রিহ্যাব সদস্যদের সহজ অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিগত সহায়তার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
এ লক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রিহ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।
মতবিনিময় সভায় রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রিহ্যাব সদস্যদের অংশগ্রহণ বাড়াতে সিকিউরিটি ফি অর্ধেকে নামিয়ে আনা, প্ল্যান পাসের ফি রাজউকের সমপর্যায়ে নির্ধারণ, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এসব পদক্ষেপ গ্রহণ করা হলে সদস্যরা সহজে প্রকল্পে যুক্ত হতে পারবেন এবং ক্রেতাদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জলসিঁড়ি আবাসন একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ প্রকল্প। এতে রিহ্যাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিকল্পিত নগরায়ণ ত্বরান্বিত হবে এবং আবাসন খাতে নতুন গতি সৃষ্টি হবে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান রিহ্যাব নেতৃবৃন্দের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।