
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারী। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়াসমিন আনসারী অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প “একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধকে উসকে দিচ্ছেন” এবং ইরানের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
আনসারীর দাবি, এই প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরাসরি সহযোগিতা করছেন। এ প্রেক্ষিতে তিনি আনুষ্ঠানিকভাবে হেগসেথের বিরুদ্ধে ‘আর্টিকেলস অব ইমপিচমেন্ট’ উত্থাপনের উদ্যোগ নিয়েছেন।
এছাড়া তিনি মার্কিন সংবিধানের Twenty-fifth Amendment to the United States Constitution(মার্কিন সংবিধানের এই সংশোধনীটি প্রেসিডেন্টের অক্ষমতা, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রে ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে তা নির্ধারণ করে) কার্যকরের আহ্বান জানান। এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হলে তাকে পদ থেকে অপসারণের ব্যবস্থা নেওয়া যায়।
ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আনসারী শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত। কংগ্রেসে তিনি এই ইস্যুতে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে এ ধরনের প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম। তবে এই উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর উল্লেখযোগ্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে এবং ওয়াশিংটনের রাজনীতিতে নতুন করে মেরুকরণ সৃষ্টি করতে পারে।