
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রসায়ন পর্দায় হোক বা বাস্তবে, সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দু। সম্প্রতি রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে নেটদুনিয়ায় সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন স্ক্রিনিংয়ে দীপিকাকে দেখা যায়নি এবং সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দেননি তিনি।
মুখ বন্ধ করার জন্য দীপিকা এবার মজার ছলে ট্রোলারদের মোকাবিলা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে ভক্তদের প্রশ্ন ছিল, তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন নাকি তার নীরবতাকে বেশি বিশ্লেষণ করা হচ্ছে।
জবাবে দীপিকা লিখেছেন, ‘দ্বিতীয়টি, আমার বন্ধু… আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’ এরপর মজার ছলে যোগ করেছেন, ‘এবার বলো কার মজা হলো?’
দীপিকার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়। ভক্তরা পাল্টা ট্রোল শুরু করে সমালোচকদের, কেউ লিখেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না।’ অন্য একজন লিখেছেন, ‘তোমরা কি ভুলে গিয়েছ যে দীপিকা রণবীরের সঙ্গে এক বাড়িতে থাকেন?’
উল্লেখ্য, ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০১৮ সালে বিবাহে গড়ায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’ জন্ম নেয়।
‘ধুরন্ধর ২’ ভারতীয় বক্স অফিসে ২০তম দিনে ১,০৩৩,৩৭ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১,৬৪১.২১ কোটি টাকা ব্যবসা করেছে।