
ভোলার তজুমদ্দিনে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে ঢাকাগামী লঞ্চ থেকে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চৌমুহনী লঞ্চঘাটে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিষিদ্ধ সময়ে আহরণ করা ৫০কেজি জাটকা ইলিশ এবং অবৈধভাবে সংগ্রহ করা ৫০মন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরা উপজেলার এক শ্রেণির অসাধু জেলে ও ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এসব পোনা ও জাটকা আহরণ ও পরিবহন করে আসছিল।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। তবে অভিযানের টের পেয়ে মাছের ঝুড়ির সাথে থাকা লোকজন সটকে পড়ায় কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, জাটকা ইলিশ দেশের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। একইভাবে পাঙ্গাসের পোনা অবাধে ধরা হলে মাছের উৎপাদন ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সকল জেলে ও ব্যবসায়ীদের সরকারি নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জব্দকৃত মাছ পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এমএকে আজাদ পিসিজিএম পিও (মেড) সিডিসহ কোষ্টগার্ড ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার নির্দিষ্ট সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে।