
গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা—একই হামলায় গুরুতর আহত হয়েছে তার সাত বছর বয়সী সন্তান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ভোলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম (৩৫) প্রবাসী আল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় নাছিমা বেগম তার ছোট ছেলে আবিরকে নিয়ে নির্মাণাধীন বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগম নিহত হন এবং গুরুতর আহত হয় তার ছেলে।
শনিবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে নাছিমার নিথর দেহ এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে আহত আবিরকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।