
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর (২৩) সঙ্গে আলফাডাঙ্গা উপজেলার লিটন মোল্যার (৩৩) প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্যা ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে লিটন, সবুজ ও তাদের সহযোগী আলী শরীফ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। অভিযোগে বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত তাকে নির্যাতন করা হয় এবং পরে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে অসুস্থ অবস্থায় ওই তরুণী থানায় গিয়ে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ লিটন মোল্যা, সবুজ মোল্যা ও আলী শরীফকে গ্রেফতার করে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ভুক্তভোগীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।