
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকল্প সংলগ্ন নতুনহাট গ্রিন সিটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চুরকিন ভ্লাদিমির (৪০) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমটেক এনারগোতে কর্মরত ছিলেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাসিক এলাকায় ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।