
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার দলীয় এক অনুষ্ঠানে তিনি ইউএনও, থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ করে কঠোর মন্তব্য করেন, যা স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
চকরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনামুল হক বলেন, “চকরিয়া থানা সবকিছু দেবে না, সবকিছু আমাদের আদায় করতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।” তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা তাদের কথা না শুনলে তাকে “গাট্টি বেঁধে” প্রস্তুত থাকতে হবে।
বক্তব্যে তিনি থানার ওসিকে উদ্দেশ করে আঞ্চলিক ভাষায় বলেন, কথা না শুনলে তাকে বদলি হতে হবে। একই সঙ্গে ইউএনও অফিসের কর্মকর্তাদেরও সতর্ক করেন। আরও বলেন, কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে “মসজিদ থেকে খাটিয়া এনে শুইয়ে” এলাকা ছাড়তে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. মোবারক আলী, ফখরুদ্দীন ফরায়েজি, গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা।
পরে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে এনামুল হক বলেন, বৈধ কাজ না করলে প্রশাসনের কর্মকর্তাদের এমন পরিণতির কথা বলেছেন। তিনি আরও দাবি করেন, তিনি চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।