
জামালপুরের মাদারগঞ্জে বোরো ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে মজনু মিয়া (২২) নামের এক তরুণ রাজনৈতিক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মজনু মিয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র মাদারগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য ছিলেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে মজনু মিয়া নিজের বাড়ির নিকটবর্তী একটি ক্ষেতে ধান কাটতে যান। বেলা ১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিক একটি বজ্র তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে আশেপাশের লোকজন ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত মজনু ওই গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার সন্তান।
সন্তান হারানো শোকার্ত বাবা বাচ্চু মিয়া ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমার ছেলে সকালে আমাদের ক্ষেতে ধান কাটতে যায়। যখন ঝড়-বৃষ্টি হয়, তখন আমি জুমার নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ পড়ে এসে শুনি আমার ছেলে মারা গেছে।’
তরুণ এই রাজনৈতিক কর্মীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। মজনুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সক্রিয় সদস্য ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র ও অমায়িক একজন ছেলে। আমি মাদারগঞ্জ উপজেলায় যতবার গিয়েছি, প্রায় প্রতিবারই তার সঙ্গে দেখা হয়েছে। এমন একটি শান্ত, ভদ্র ও সম্ভাবনাময় ছেলের মর্মান্তিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।’
আইনগত পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও উদ্ধার করে থানায় আনা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’