
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং সনদধারী টেকনিশিয়ানের স্বল্পতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা প্রতিষ্ঠান দুটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার এবং নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিগার সুলতানা বলেন, হাসপাতাল দুটির কোনোটিরই লাইসেন্স হালনাগাদ ছিল না। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পাওয়া যায়নি। এসব কারণে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার আপসহীন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।