
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন বন্ধ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ ও ‘সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসাইন, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষারসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে আছিয়াসহ আরও অনেক শিশু একই ধরনের সহিংসতার শিকার হয়েছে। প্রায় এক দশক আগে তনুকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কিন্তু এখনো নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
বক্তারা আরও বলেন, সরকার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। ঘরের বাইরে বের হলে নারীরা নিরাপদ বোধ করছেন না। বারবার বিচার দাবি জানানো হলেও অনেক ঘটনায় দৃশ্যমান শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
তাদের ভাষ্য, দেশে ধারাবাহিকভাবে ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা উৎসাহ পাচ্ছে। তাই চিহ্নিত ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।