
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার অভিযোগ উঠেছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় কিল-ঘুষি মারার পাশাপাশি মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন এনসিপির এই নেতা।
শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী হামলায় অংশ নেন।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ঝিনাইদহে যান। পরে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হওয়ার পর পুলিশের সামনেই হামলা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।
পোস্টে তিনি দাবি করেন, হামলার শুরুতে ডিম ও ইট-পাটকেল ছোড়া হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন বলে উল্লেখ করেন তিনি।
নিজের ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন, ‘আমাকে কিল-ঘুষি মারা হয়েছে, ছিনিয়ে নিয়েছে ফোন-মানিব্যাগ’। একই সঙ্গে হামলার সময় তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান নেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।