
ঈদুল আজহার আনন্দকে সামনে রেখে দেশজুড়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও সড়কে মৃত্যুর মিছিল থামছে না। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত দেশের সাতটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:
সিরাজগঞ্জ: বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ যাত্রী নিহত হন। সলঙ্গা থানার ওসি আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বরিশাল: বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ‘তাজ আনন্দ পরিবহন’ নামের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন—উজিরপুর সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, তারা ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা: পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত
সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে সকাল ৬টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও তার চাচাতো ভাই মেহেদী হাসান ফকির (২৫)। তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে নাসিম মারা যান এবং খুলনা নেওয়ার পথে মেহেদীর মৃত্যু হয়।
খুলনা: পশুবাহী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুপুর আড়াইটার দিকে কোরবানির পশু বহনকারী একটি নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কয়রা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের ৭ বছরের ছেলে হাবিবসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদপুর: অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিম খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহত মিম তাম্বুলখানা এলাকার জব্বার শেখের মেয়ে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
জামালপুর: ট্রাক-পিকআপ সংঘর্ষে পথচারী নিহত
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছোট জয়রামপুর এলাকায় ভোর ৬টার দিকে বালুবাহী ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষের মাঝে পড়ে রত্না ভানু (৪৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পিবিআইয়ের মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
চাঁদপুর: ট্রাকের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের অনি-রনি ব্রিকসের সামনে সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে নানির সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।