
সিলেট-আখাউড়া রেল সেকশনের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
দুর্ঘটনার পর থেকে লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকে পড়েছে বলে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেল বিভাগকে জানানো হয়েছে এবং কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতগাঁও স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আটকা রয়েছে।