
বৃষ্টি তেমন না থাকলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার নদ-নদীতে আবারও পানি বাড়ছে। গত কয়েকদিন ধরে অব্যাহত ঢলের প্রভাবে জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা পাউবোর নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার কমেছে। সেখানে নদীর পানি বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে ছিল।
গাইবান্ধা পাউবো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ছে। তবে তিস্তার পানি কমতির দিকে রয়েছে।
তিনি বলেন, পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে সামনে জেলায় ছোট ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। নদীভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ফেলার কাজ চলছে।