
সাতক্ষীরার তালায় মাছের ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল উপজেলার তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন পেশাদার ঘের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটক করার পরপরই স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের একদল লোক তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে একটি গাছে বেঁধে রাতভর বর্বর নির্যাতন চালানো হয়।
নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে শুক্রবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন স্বাধীন ঘের ব্যবসায়ীকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাতভর গাছে বেঁধে এভাবে নৃশংস ও বর্বরভাবে হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।