
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চারজনের একজন মোজাম্মেল হক পুলিশকে জানিয়েছেন, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তাঁর ভাড়া বাসায় রাখা আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় ওই বাসায় অভিযান চালায়। সেখানে ড্রেসিং টেবিলের একটি ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
চলন্ত কাভার্ডভ্যান থেকে আটটি লাগেজ চুরি
জাতীয় ক্রিকেট লিগের খেলা শেষে গত বুধবার ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ একটি কাভার্ডভ্যানে করে পাঠানো হয়েছিল। সকালে গাড়ি থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মেহরব হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলে চড়ে চলন্ত কাভার্ডভ্যানে ওঠেন। এরপর গাড়ির দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নেন।
পরে পুলিশ চুরি হওয়া লাগেজগুলো উদ্ধার করে। তবে লাগেজের অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা তখন উদ্ধার করা সম্ভব হয়নি।
একজনের স্বীকারোক্তি, অন্যদের খুঁজছে পুলিশ
এ ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, চুরির সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।