
শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৯ রান। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ১৯ রানে। সাদিয়া আক্তারের ছক্কায় শিরোপার স্বপ্ন নতুন করে জেগে উঠলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। টানটান উত্তেজনার ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ২১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তারের ৬৭ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়।
মাত্র ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাদিয়া ইসলাম। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও তিনটি চার। নিশিতা করেন ৩৩ বলে ৩২ রান।
নিশিতার বিদায়ের পরও লড়াই চালিয়ে যান সাদিয়া আক্তার। ২২ বলে তিন ছক্কায় ৩৫ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। শেষ দুই ওভারে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও হাল ছাড়েনি বাংলাদেশ। ১৯তম ওভারে ১০ রান এলেও ফারজানার উইকেট হারায় দল।
শেষ ওভারে সাদিয়ার ছক্কায় উত্তেজনা বাড়ে। তবে পঞ্চম বলে তাঁর বিদায়ে বাংলাদেশের জয়ের আশা বড় ধাক্কা খায়। শেষ বলে জান্নাতুল চার মারলেও ততক্ষণে শিরোপা জয়ের সুযোগ শেষ হয়ে যায়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে শ্রীলঙ্কা। দুই ওপেনার সঞ্জনা কাভিন্দি ও ভিমোস্কা বালাসুরিয়া পঞ্চম ওভারেই দলকে ৪৯ রানে পৌঁছে দেন। কাভিন্দি ৪৪ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৪ রান করেন। বালাসুরিয়ার সংগ্রহ ২৩ রান।
ওপেনারদের বিদায়ের পর নেথমি উপেস্কা ও উমায়ানঙ্গা পেইরিসের ব্যাটিংয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত লড়াই করেও অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের মেয়েদের।