
দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম দেশের ক্রিকেটে ফিরতে চান। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন জাহানারা। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেটে অংশ নেওয়ার পাশাপাশি প্রশিক্ষণও নিয়েছেন। জাতীয় দল থেকে এখনো অবসরের ঘোষণা দেননি এই পেসার।
অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা। একই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগও করেছিলেন তিনি। এসব বিষয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এবার দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ জানানোয় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে দলে জায়গা পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছেন বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারা আলমের। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে সাতটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন এই পেসার।