
রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাঁর আস্থা আছে কি না—এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাবেন কি না, তা নিয়ে সম্প্রতি একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান জানাননি তিনি। অন্যদিকে, নির্বাচনি প্রচারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরছেন।
নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে তাঁকে যুক্ত করতে চান ইসরায়েলি কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, তারা আমাকে যুক্ত করতে চায়। তারা চায় আমি যুক্ত হই।’
তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অত্যন্ত সফল সামরিক অংশীদারত্বের’ প্রশংসা করেন তিনি।
নেতানিয়াহুর প্রতি ব্যক্তিগত আস্থা নিয়ে প্রশ্নের সরাসরি ইতিবাচক উত্তর না দিলেও দুই নেতার সম্পর্ক ও সামরিক সহযোগিতা নিয়ে ট্রাম্পের বক্তব্যে তাঁর অবস্থানের দুটি দিক উঠে এসেছে।