
লক্ষ্মীপুরের রায়পুরে বিতর্কিত মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেনকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
শনিবার (৩০ মে) রাত আটটার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৩১ মে) দুপুরে একই ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসাবাড়ী বাজার এলাকায় একদল ক্ষুব্ধ মানুষ আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে। এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার অনুসারীরা তার ওপর হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের সংগঠক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অতীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
থানায় থাকার কারণে আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।