
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া এক যুবককে ইয়াবা কিনতে ৩০০ টাকা দেন। তবে ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সজীব মিয়া। বিষয়টি নিয়ে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়।
এর কিছু সময় পর মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া স্থানীয় কয়েকজন যুবক ঘটনাটি নিয়ে জানতে চাইলে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামে আরও দুজন যুক্ত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা আতঙ্কে থাকে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রায়হান গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তার মরদেহ হাসপাতালেই রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।