
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহিনুর শেখ রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে এবং স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনি তালতলা এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম পায়ের উরুতে লাগে এবং অপরটি মাথার পাশ ঘেঁষে চলে যায়।
গুলির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।